এ ছাড়া তিনজনকে খালাস দিয়েছে আদালত।
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় অধ্যক্ষ জামাল হোসেন ঠাণ্ডু হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক বেগম শাহানা হক সিদ্দিকা এ রায় দেন বলে আদালতের পরিদর্শক তানবীর আহম্মেদ জানান।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ফুলবাগ গোবরচাকা গ্রামের মৃত হাসান আলীর ছেলে মিনহাজুর রহমান মিন্টু এবং একই গ্রামের সুর্যদ আলীর ছেলে আব্দুল মালেক শুকুর। রায় ঘোষণার সময় শুকুর পলাতক ছিলেন।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মহসিন সিকদার সাংবাদিকদের বলেন, ২০১১ সালের ২০ অক্টোবর দুপুরে অধ্যক্ষ জামাল হোসেন ঠাণ্ডু সখীপুরের পলাশতলী মহাবিদ্যালয় থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। বৈল্লারপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে মিনহাজুর রহমান মিন্টুর নেতৃত্বে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় ওই দিন জামাল হোসেন ঠাণ্ডুর স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে সখীপুর থানায় হত্যা মামলা করেন। ২০১২ সালের ২৬ ডিসেম্বর জেলা ডিবি পুলিশের এসআই আইয়ুব আলী পাঁচ জনের নামে আদালতে অভিযোগপত্র দেন।
আইনজীবী মোহাম্মদ মহসিন সিকদার বলেন, বিচারক দুজনকে মৃত্যুদণ্ড ছাড়াও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন। এ ছাড়া তিনজনকে খালাস দিয়েছে।
